Android 14: নামে কী বা আসে যায়!— এ কথা বড় চেনা, তবু নামে অনেক কিছুই আসে যায়। আসলে নাম দিয়ে যায় চেনা। আর সে নামে যদি মিশে থাকে মিষ্টির গন্ধ তবে জব্বর হয়। এ সব কথা আসলে শোনা যাচ্ছে Android 14-কে কেন্দ্র করে।
এখনও পর্যন্ত Android 13-ই আনুষ্ঠানিক ভাবে রিলিজ করেনি। এ বছরই Google জানাতে পারে Android 13-এর কথা। তারই মধ্যে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে Android 14 নিয়ে। ২০২৩ সালের আগে কোনও ভাবেই এই নতুনতম অ্যান্ড্রয়েড ভার্সন বাজারে আসার সম্ভাবনা নেই। তবে কিছু গুজব শোনা যাচ্ছে নতুন ভার্সন সম্পর্কে।
অ্যান্ড্রয়েডের ইতিহাসে নতুন নতুন ভার্সনকে নতুন নতুন মিষ্টির নামে ডাকার ঐতিহ্য রয়েছে। সেই ২০০৯ সালে Android 1.5-এর নাম দেওয়া হয়েছিল ‘কাপকেক’। Google-এর নিজস্ব নাম তো বটেই, বাজারেও এই নামেই পরিচিতি পেয়েছিল Android 1.5। তার পর ‘ডোনাট’ ‘এক্লেয়ার’ ‘হানিকোম্ব’ ‘আইসক্রিম স্যান্ডউইচ’ থেকে ‘জেলিবিন’ ‘কিটক্যাট’ ‘ললিপপ’ ‘মার্সমেলো’ পর্যন্ত কত নামই পাওয়া গেল। এ সব নামেই বাজারে চলত অ্যান্ড্রয়েড। অনেকের ক্ষেত্রে আবার অন্য নাম দিয়ে নিজেদের কাজ চালাত Google, সংস্থার নিজস্ব কোড নাম।
২০১৮ সালে Android 9-এর বাজার চলতি নাম হল ‘অ্যান্ড্রয়েড পাই’। তারপর থেকে বাজারে আর মিষ্টির নামে নাম পাচ্ছে না Android, তারা পরিচিত হচ্ছে Android 10, 11, 12, 13 ইত্যাদি নামে। তবে ভিতরে ভিতরে মিষ্টি নাম দিতে ভোলে না Google। এই যেমন ২০১৯ সালে লঞ্চ করা Android 10-এর নিজস্ব ডাক নাম ক্যুইনস টার্ট, Android 11-এর রেড ভেলভেট, Android 12-এর স্নো কোন, Android 12L-এর স্নো কোন ভি২, Android 13-এর তিরামিশু।
